আবহাওয়া, কালবৈশাখী
কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।   ছবি: সংগৃহীত

দেশে চলতি মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তিন অঞ্চলে এই ঝড় বেশি প্রভাব ফেলতে পারে এবং ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, আগামী ৮ বা ৯ মার্চের দিকে দেশে বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে ৯ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে, যা সাধারণত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। এ ধরনের বৃষ্টি সাধারণত সকালবেলা বা সন্ধ্যার আগে হয়ে থাকে।

তিনি বলেন, ১১ বা ১২ মার্চের দিকে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্য অঞ্চলে দুই-তিনদিন ধরে হালকা বা মাঝারি ধরনের বজ্র ও শিলাবৃষ্টিসহ ঝড় হতে পারে। ঈদের সময়ও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও বলেন, এখনই সবকিছু নিশ্চিতভাবে বলা কঠিন হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে দেশের অন্যান্য এলাকাতেও ঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটিও মার্চ মাসের শুরুতেই পূর্বাভাসে জানিয়েছিল, দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড়, আর অন্যান্য অঞ্চলে দুই-তিনদিন ধরে হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে।