জাতীয়, বাজার মূল্য, বাজার, ইশরাক, প্রতিমন্ত্রী ইশরাক, দ্রব্য মূল্য, ইফতার, রমজান, পর্যবেক্ষণ, বাজার দর, ঈদ,
৭ মার্চ বাজার পর্যবেক্ষণে প্রতিমন্ত্রী ইশরাক।   ছবি: সংগৃহীত

রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, পণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়মিত তদারকি করছে।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মসলা ও সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

বাজার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। তিনি বলেন, ঈদকে সামনে রেখে কেউ যেন অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাদের ভোগান্তিতে ফেলতে পারে—এমন যে কোনো অপচেষ্টার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় ইশরাক হোসেন তার নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সংকট রয়েছে। বিষয়টি সমাধানে ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। এছাড়া পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ১০ দিনে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে অবহিত করা হবে।

বাজার পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।