আতিক মুজাহিদ, কুড়িগ্রাম
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।   ছবি: আরটিএনএন

ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তাঁর গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বক্তব্য জানতে এমপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।