তারেক রহমান, প্রধানমন্ত্রী
তারেক রহমান।   ছবি: সংগৃহীত

আগামী পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের সদস্যরা অংশ নেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রথম ধাপে ১১ উপজেলার ২১,৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে।

কার্ডটি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের জন্য থাকবে এবং এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি উপকরণ ক্রয়ের জন্য বছরে ২,৫০০ টাকা প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য ক্রয় করা সম্ভব হবে।

প্রথম ধাপে টাঙ্গাইল ছাড়াও কার্যক্রম শুরু হবে পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সাবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজারের জুড়ীতে।

বৈঠকে কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের নির্ভরযোগ্য পরিচয় নিশ্চিত করা, সরকারি সহায়তা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া, এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষকের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।