বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ। তার মধ্যে বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখছেন অনেকে। তারা চান মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাতনি জাইমা রহমান রাজনীতিতে অংশগ্রহণ করুক। বিশেষ করে তার দাদি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনাই তুঙ্গে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
জিয়া পরিবারের তৃতীয় প্রজন্ম জাইমা রহমান ১৯৯৫ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ওই বংশের প্রথম সন্তান। জাইমা রহমান ঢাকা সেনানিবাসে বেড়ে ওঠেন। তবে ২০০৮ সালে তার বাবা গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে মাত্র ১৩ বছর বয়সে লন্ডনে চলে যান। সেখানে তিনি লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৯ সালে লিংকন’স ইন থেকে বার-অ্যাট-ল সার্টিফিকেশন লাভ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার জাইমা রহমান।
বিএনপির নবীণ-প্রবীণ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমা রহমানের যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে। দাদির মৃত্যুর পর জাইমা রহমানকে তার বাবার পাশে এক অতন্দ্র প্রহরীর মতো থেকে শোকাহত তারেক রহমানের মানসিক শক্তির জোগানদাতা হিসেবে যেমন দেখা গেছে, তেমনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার পাশে তার উপস্থিতি ও কূটনৈতিক শিষ্টাচার পালনের দৃশ্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে দাদির মতো জাইমা রহমানের ব্যক্তিত্ব, চলন ও নীরবে কাজ করার মানসিকতার কারণে বিএনপির নবীণ-প্রবীণ সবার দৃষ্টি কেড়েছে।
যদিও জাইমা রহমান ২০০১ সালের বাংলাদেশের জাতীয় নির্বাচনে তার দাদি বেগম খালেদা জিয়ার সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। উক্ত নির্বাচনে তার দাদির দল জয়লাভ করেছিল। তবে গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে অংশ নেন জাইমা রহমান। তিন সদস্যের এই বিএনপি প্রতিনিধিদলে তার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। এটি ছিল বিএনপির কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিতে জাইমা রহমানের প্রথম অংশগ্রহণ।
এ ছাড়া, গত বছরের ২৩ নভেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভায় প্রথমবারের মতো যোগ দেন। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ইউরোপীয় প্রতিনিধিদের একটি দল উপস্থিত ছিলেন। পরে গত বছরের ২৫ ডিসেম্বর জাইমা রহমান তার বাবা-মায়ের সঙ্গে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাইমা রহমানের রাজনীতিতে আগমন জাতীয়তাবাদী শক্তির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নবীণ-প্রবীণ নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েকজন তাদের মতামত ও প্রত্যাশার কথা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি মো. মহিউদ্দিন বলেন, বর্তমানে বিশ্বজুড়ে তারুণ্যের জয়জয়কার। তাই জাইমা রহমানের রাজনীতিতে অভিষেক দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে বলে মনে করছি। জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা তার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। তার দাদা শহীদ জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও নৈতিকতা দেশের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে দেশ গড়ার অঙ্গীকার নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন বলে মনে করেন সাবেক এই ছাত্রনেতা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক ইসতিয়াক মাহমুদ মানিক বলেন, জিয়া পরিবারের প্রতি মানুষের অন্য রকম ভালোবাসা ও আবেগ রয়েছে। দেশ ও জাতির ক্রান্তিকালে এই পরিবারের কেউ না কেউ জাতিকে উদ্ধার করেছে। তাই জাইমা রহমান রাজনীতিতে আসুক—এটাই আমাদের সবার প্রত্যাশা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে জড়িত মিজানুর রহমান বলেন, জাইমা রহমান আইন পেশায় উচ্চশিক্ষিত মানুষ। তার মতো মানুষ রাজনীতিতে এলে জনগণ উপকৃত হবে। তাই জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষ তাকে নিঃসন্দেহে বিএনপির রাজনীতিতে স্বাগত জানাবে। আমরা আশা করছি, তিনি সহসাই রাজনীতিতে অংশ নিয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন।
ঢাকা মহানগরীর সূত্রাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান খান বলেন, জাইমা রহমানের মধ্যে আমরা বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেখতে পাই। বিদেশ থেকে উচ্চশিক্ষিত এবং রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে দেশি-বিদেশি রাজনীতি সম্পর্কে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, তাতে তিনি রাজনীতিতে এলে ভালো করবেন বলে প্রত্যাশা করছি।
জাইমা রহমানকে রাজনীতিতে বিএনপি স্বাগত জানাবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় জাইমা রহমানের মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!