নিপাহ ভাইরাস
নিপাহ ভাইরাস ।   ছবি: সংগৃহীত

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তবে মৃত ওই নারীর বাড়ি নওগাঁর কোথায় তা এখনো জানা যায়নি। চলতি বছর দেশে নিপাহ ভাইরাসে এটিই প্রথম মৃত্যু।

নওগাঁর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ওই মৃত রোগী ৪০ থেকে ৫০ বছর বয়সী এক নারী। গত ২১ জানুয়ারি থেকে তার শরীরে তীব্র জ্বর, মাথাব্যথা এবং শ্বাসকষ্টের মতো প্রাথমিক উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ২৭ জানুয়ারি স্থানীয় হাসপাতালে এবং ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার গলা থেকে শ্লেষ্মা এবং রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। গত ২৮ জানুয়ারি ওই নারীর মৃত্যু হয়।

নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, আজকে আইইডিসিআর থেকে গণমাধ্যমকে তথ্যটি জানানো হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে লিখিতভাবে এখনও বিষয়টি জানানো হয়নি। লিখিতভাবে জানানোর পরই ওই রোগীর বিষয়ে আমরা বিস্তাারিতভাবে জানাতে পারবো। তবে তিনি অসুস্থ হওয়ার কিছুদিন আগে কাঁচা খেজুরের রস পান করেছিলেন।