শহীদ জামালের কন্যার বিয়েতে ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী।
শহীদ জামালের কন্যার বিয়েতে ও জপেল চাকমাকে শুভেচ্ছা উপহার দিলেন প্রধানমন্ত্রী।   ছবি: আরটিএনএন

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের মেয়ে তানিয়া আক্তার রুমি’র বিয়ের খরচ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নেতৃত্বে আজ শুক্রবার সকালে (২৭ মার্চ ২০২৬) চট্টগ্রামের প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে শহীদ জামালের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ এই উপহার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শহীদ জামালের সহধর্মিণী তাসলিমা আক্তারের সঙ্গে কথা বলেন এবং তার পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ জপেল চাকমার জন্য শুভেচ্ছা উপহার দিয়ে তার পড়াশোনার জন্য মাসিক শিক্ষা বৃত্তি ঘোষণা করেন তিনি।

এছাড়া, ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশা’র চিকিৎসা সহায়তা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

মানবিক এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন – প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন – ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য মাসুদ রানা লিটন প্রমুখ।

উল্লেখ্য: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদানের কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’।