জ্বালানিমন্ত্রী, ফিলিং স্টেশন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।   ছবি: আরটিএনএন

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে একটি চক্র মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৭ মার্চ) বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগের প্রেক্ষিতে এ কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী জানান, দেশের কোথাও জ্বালানি তেলের প্রকৃত সংকট নেই। কিন্তু অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, যা সরকার গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে।

এদিকে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই জ্বালানি সংগ্রহ করা হবে। এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেড থেকে এক লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেড থেকে দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

সরকার বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।