গুচ্ছ ভর্তি, ইবি
ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক।    ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। 

শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কার্যক্রম পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, সংগঠনটির নেতাকর্মীরা ফুল, পানি, কলম, স্যালাইন ও ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র শনাক্ত করে দেওয়া, প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং ভোগান্তি কমাতে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় তাদের। এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্রসংগঠনই নিজ নিজ উদ্যোগে সহায়তা কার্যক্রম চালাচ্ছে, যা ইতিবাচকভাবে দেখছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।

ফরিদপুর থেকে আসা এক অভিভাবক বলেন, “আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন। বসার জায়গা করে দিয়েছেন, প্রয়োজন হলেই সঙ্গে সঙ্গে সহায়তা পাচ্ছি। গরমে সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থাও খুব উপকারী হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক থেকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের রুম ও ভবন চিনিয়ে দেওয়া, দিকনির্দেশনা প্রদান, খাবার ও পানির ব্যবস্থা, চকলেট, টিস্যু ও কলম সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন দেওয়া হচ্ছে। অভিভাবকদের বসার ব্যবস্থা ও সময় কাটানোর জন্য কিছু বইও রাখা হয়েছে। এছাড়া মোবাইল ও ব্যাগ নিরাপদে রাখার ব্যবস্থাও রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের উপকারে আসবে এবং তাদের ভোগান্তি কমাতে সহায়ক হবে।