সরকার
সৈয়দ মেহেদী আহমেদ (রুমী)।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় আগের জেলা প্রশাসককে (ডিসি) ‘ইচ্ছাকৃতভাবে বদলি করা হয়েছে’—এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ (রুমী)। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান।

ভাইরাল হওয়া প্রায় আড়াই মিনিটের ভিডিওতে সৈয়দ মেহেদী আহমেদ অভিযোগ করেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন ও নিজ দলের কিছু নেতার ‘গাদ্দারির’ কারণে তিনি পরাজিত হয়েছেন। তাঁর দাবি, তিনি প্রায় ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েও প্রায় ৫ হাজার ভোটের ব্যবধানে হেরে যান।

নির্বাচনকালীন প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, তৎকালীন জেলা প্রশাসক ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট প্রশাসনের কিছু অংশ তাঁর বিরুদ্ধে কাজ করেছে। তিনি অভিযোগ করেন, এসব কারণে সম্ভাব্য বড় ব্যবধানে জয়ের সুযোগ নষ্ট হয়েছে।

হাইকোর্টে ভোট পুনর্গণনার আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং নির্ধারিত তারিখে শুনানি হবে। তাঁর বিশ্বাস, পুনর্গণনায় তিনি বিজয়ী হবেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ সরকার তো আমাদের।’ তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমসহ অন্যরা।

উল্লেখ্য, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন সৈয়দ মেহেদী আহমেদ। ওই আসনে তিনি জামায়াত-সমর্থিত প্রার্থী আফজাল হোসেনের কাছে পরাজিত হন।