জ্বালানি মজুদ
মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন-এ অভিযান।   ছবি: আরটিএনএন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন-এ অভিযান পরিচালনা করা হয়েছে। 

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটি পাম্পের সামনে ‘তেল নেই’ লিখে কৃত্রিম সংকট তৈরি করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেট স্টোরেজ ট্যাংক যাচাই করলে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ পাওয়া যায়।

জব্দ তালিকা অনুযায়ী সেখানে মজুদ ছিল—পেট্রোল: ২,৩৬৮ লিটার, ডিজেল: ৩,৭৬০ লিটার, অকটেন: ৩,৬৫৫ লিটার

মজুদ থাকা সত্ত্বেও জনভোগান্তি সৃষ্টি করে তেল বিক্রি বন্ধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং বন্ধ থাকা তেল বিক্রি পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়।

ইউএনও জাকির মুন্সী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।