জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেছেন, বিএনপির নেতা মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী তাঁদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার জন্য তিনি পুরো বাংলাদেশের মানুষের কাছে বিচার দাবি করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দিন পাটওয়ারী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা করছে। ছাত্রদলের পরিচয়ে যারা হামলা চালিয়েছে, তারা সন্ত্রাসী হামলা করেছে। আমি পুরো বাংলাদেশের কাছে এর বিচার দিলাম।’
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, তাঁর কাছে কোনো দুর্নীতির টাকা কিংবা সন্ত্রাসী অর্থ নেই। এ কারণেই তাঁদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।
হাবিবুল্লাহ কলেজ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে যাওয়ার আগেই প্রশ্নফাঁস, সন্ত্রাসী কার্যক্রম এবং গভর্নিং বোর্ডে অনিয়মের অভিযোগ তিনি শুনেছেন। তাঁর দাবি, কলেজটির অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।
নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে—তিনি দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে অতীতের এক ব্যক্তিগত সাক্ষাতের কথাও উল্লেখ করেন নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি বলেন, ওই সাক্ষাতে খালেদা জিয়া তাঁদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। তাঁর ভাষ্য, ‘আজ তিনি সুস্থ থাকলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন।’
হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম উল্লেখ করে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন ব্যক্তি হামলায় নেতৃত্ব দিয়েছেন, যাদের অনেকেরই বর্তমানে ছাত্রত্ব নেই। তাঁর দাবি, পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মির্জা আব্বাসের ঘনিষ্ঠ একজন ব্যক্তি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে মাঠে থাকার কোনো যৌক্তিকতা নেই। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট অবস্থান প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা-৮ আসনের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ভোটে জিতুন বা না জিতুন, ওই এলাকায় কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেওয়া হবে না। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখের ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!