সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা.শফিকুর রহমান ও শহীদ রেজাউল করিম।   ছবি: আরটিএনএন

আগামীকাল (১ ফেব্রুয়ারি) শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার জামায়াতের সেক্রেটারি শহীদ রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাতে পরিবারের খোঁজ খবর নিবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা.শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেবেন এবং তাদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করবেন।

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষে তিনি আহত হন। আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আমীরের এই সফর সাংগঠনিক ও সৌজন্য সাক্ষাৎমূলক কর্মসূচির অংশ।