মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত গণতন্ত্রবিরোধী, প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি এবি পার্টির।
মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত গণতন্ত্রবিরোধী,প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি এবি পার্টির।   ছবি: আরটিএনএন

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে গণতন্ত্র ও নাগরিক অধিকারের পরিপন্থী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল যুগে ভোটকেন্দ্রের আশপাশ থেকে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা মানে জনগণকে নজরদারি ও তথ্যপ্রবাহ থেকে বিচ্ছিন্ন করা। এটি ভোটারদের মধ্যে ভয় ও অনাস্থার পরিবেশ সৃষ্টি করবে এবং স্বচ্ছ নির্বাচন প্রশ্নবিদ্ধ করবে।

তারা আরও বলেন, মোবাইল ফোন আজ নাগরিকের মৌলিক যোগাযোগের মাধ্যম। আইনশৃঙ্খলার দোহাই দিয়ে এভাবে নাগরিক স্বাধীনতা খর্ব করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্ত জনগণের ভোটাধিকার রক্ষার বদলে তা সংকুচিত করছে।

এবি পার্টির নেতৃবৃন্দ স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করা হলে  গণআন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনকে জনগণের আস্থা ফিরিয়ে আনতে দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এবি পার্টি মনে করে, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে নাগরিক অধিকার রক্ষা করেই নির্বাচন পরিচালনা করতে হবে,নিষেধাজ্ঞা দিয়ে নয়।