ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, তবে ‘ইঞ্জিনিয়ারিং’ হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস
ভোট এখন পর্যন্ত সুষ্ঠু, তবে ‘ইঞ্জিনিয়ারিং’ হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস   ছবি: সংগৃহীত

নির্বাচনে এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে 'মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র' পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো চোখে পড়েনি। তবে ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না।

তাছাড়া একটি মহল পরিবেশ ঘোলাটে করে নানা অভিযোগ এনেছে। আমি এই এলাকায় বহু বছর ধরে নির্বাচন করি আমার অভিজ্ঞতা আছে। তাদের কোন অভিযোগই সত্য নয় বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। 

এ সময় তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে।

এ সময় এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারীর করা অভিযোগের বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন তিনি। 

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত।