তারেক রহমান, বিএনপি
বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারেক রহমান।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে তিনি এ কথা জানান।

ঢাকা-১৭ আসনের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছে, তারা নির্বাচনী কার্যক্রমেও সমন্বিতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, গতকাল থেকেই কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেখা যাচ্ছে, যা ভোটের পরিবেশকে ব্যাহত করতে পারে। তবে তিনি আশা করেন, আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে।

জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আলহামদুলিল্লাহ আশাবাদী।’

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে বিএনপি কোনো ধরনের অস্থিতিশীলতা চায় না বলে উল্লেখ করেন তিনি।

ভোটের ফল দ্রুত প্রকাশের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ যেন দ্রুত তাদের দেওয়া ভোটের ফলাফল জানতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে, তবে বিভ্রান্তি সৃষ্টি করা হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

বক্তব্যের শেষে তারেক রহমান আশা প্রকাশ করেন, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে দেশে গণতন্ত্রের নতুন সূচনা হবে।