জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের
জামায়াত প্রার্থীর কাছে শোচনীয় পরাজয়ের পথে জিএম কাদের।   ছবি: সংগৃহীত

রংপুর-৩ (সদর) আসনে শোচনীয় পরাজয়ের পথে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

১৬৯টি কেন্দ্রের মধ্যে ১১০টি কেন্দ্রের ফলাফলে এই আসনে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল পেয়েছেন ১১৫০৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সামসুজ্জামান সামু পেয়েছেন ৫৪৮১৫ ভোট। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পেয়েছেন ২৫৩৪৭ ভোট।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার প্রস্তুতি চলছে।

রংপুরের ছয়টি আসনের মধ্যে বাকি আসনগুলোতেও শোচনীয় পরাজয়ের পথে এক সময়ের দুর্গখ্যাত জাতীয় পার্টি। এই আসনগুলোতে এগিয়ে আছেন জামায়াত ও এনসিপির পার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। দেশের ২৯৯টি আসনে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে গণনার কাজ।

তবে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী ওই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, গণনার সময় প্রথমে সংসদ নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালট আলাদা করা হবে। এরপর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা পৃথকভাবে দুই ধরনের ব্যালট গণনা করবেন।

ইসির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ২৩২ জন।

ভোটের দিন সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে। কোথাও কেন্দ্র দখল ও জালভোটের চেষ্টার অভিযোগ উঠেছে। কিছু জায়গায় হামলা, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হন। খুলনায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গেছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসারসহ বিভিন্ন বাহিনীর মোতায়েনের কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কোথাও ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।