নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থী হাজী এনায়েতের
নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থী হাজী এনায়েতের।   ছবি: সংগৃহীত

ঢাকা-৭ আসনের নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে তিনি ভোট পুনর্গণনার দাবি জানান।

হাজী এনায়েত বলেন, তার ধারণা নির্বাচনে গুরুতর অনিয়ম হয়েছে। অনেক কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের থাকতে দেওয়া হয়নি এবং বেশিরভাগ ফলাফল শিটে (রেজাল্ট শিট) তাদের এজেন্টদের স্বাক্ষর নেই। “স্বাক্ষরযোগ্য কপি আমরা পাইনি, দু-একটি ছাড়া অধিকাংশ কেন্দ্রেই স্বাক্ষর ছিল না,” দাবি করেন তিনি।

কারচুপির অভিযোগে আদালতে মামলা করার কথাও জানান এই প্রার্থী।

প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের সহায়তা চাওয়া হলেও অনেক ক্ষেত্রে তা পাওয়া যায়নি। তার অভিযোগ, কিছু কর্মকর্তা ভীত ছিলেন এবং তাদের সঙ্গে যোগাযোগও রাখেননি।

নিজের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে উল্লেখ করে হাজী এনায়েত বলেন, ভোট শুরুর আগেই প্রায় ৫০ শতাংশ এজেন্টকে বের করে দেওয়া হয়। ভোট চলাকালে আরও ৪০ থেকে ৫০ জন এজেন্ট কেন্দ্রে থাকতে পারেননি। ফলে অনেক কেন্দ্রে এজেন্টবিহীন ভোটগ্রহণ হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, অনেক পোলিং এজেন্টকে ফলাফলের কপি সরবরাহ করা হয়নি। ভোট গণনার সময় অযথা বিলম্ব করা হয়েছে এবং তার এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি।

প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ তুলে ইতোমধ্যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

হাজী এনায়েতের দাবি, গণনার শুরুতে তার পক্ষে ফল আসছিল, কিন্তু হঠাৎ এক থেকে দুই ঘণ্টা ফল প্রকাশ বন্ধ থাকে। পরে যে ফল ঘোষণা করা হয়েছে, তা তাদের প্রস্তুত করা ফলাফলের সঙ্গে মিলছে না। তার ভাষায়, “ভোট ইঞ্জিনিয়ার করা হয়েছে।”