‍যুদ্ধ
খেলাফত মজলিস।   ছবি: আরটিএনএন

ইরানে ইসরায়েলের হামলায় গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে বড় ধরণের ঝুঁকির মধ্যে ফেলেছে।   এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। আগ্রাসী ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র জবাব দিতে হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইসরাইল ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারো বহিপ্রকাশ ঘটিয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে পারস্পরিক সামরিক পদক্ষেপ ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশের নেতৃবৃন্দকে অবিলম্বে এই ভাতৃঘাতি সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি জানানো হয়।

পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড. মাহবুবুর রহমান, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল হক, কর্ণেল (অব.) ডা: এমদাদুল হক, আবুল হোসেন, আমীর আলী হাওলাদার।