রোনালদো, আল নাসর
সৌদি প্রো লিগের ম্যাচে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন সাদিও মানে।   ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে আরেকটি নাটকীয় রাত উপহার দিল আল নাসর। মাঠের ভেতরে কষ্টার্জিত জয়, আর মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে নানা জল্পনা—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিল রিয়াদের ক্লাবটি। রোনালদোকে ছাড়াই আল রিয়াদের বিপক্ষে ১–০ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আল নাসর। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন সাদিও মানে।

শিরোপার দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয় ছিল আল নাসরের জন্য অত্যন্ত জরুরি। ১৮ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে তারা ছিল দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা আল হিলালের থেকে তিন পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে অবনমন অঞ্চলের আশঙ্কায় থাকা আল রিয়াদের জন্যও ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই।

ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় আসে রোনালদোর অনুপস্থিতি। চোটের কারণে নয়, বরং ক্লাবের ট্রান্সফার নীতি ও ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ থেকেই তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে—এমন খবর প্রকাশ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম। শীতকালীন দলবদলে নিষ্ক্রিয়তা এবং সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) ভূমিকা নিয়েও নাকি অসন্তুষ্ট ছিলেন পর্তুগিজ তারকা।

রোনালদো না থাকায় একাদশে পরিবর্তন আনেন কোচ জর্জ জেসুস। সেন্টার ফরোয়ার্ডের দায়িত্ব পান আবদুর রহমান ঘারিব, দুই পাশে খেলেন জোয়াও ফেলিক্স ও সাদিও মানে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর।

১৪ মিনিটেই গোলের খুব কাছে পৌঁছে যান মানে, তবে আল রিয়াদের গোলরক্ষক মিলান বরিয়ান দুর্দান্ত সেভে দলকে বাঁচান। পরে দূরপাল্লা থেকে শট নিয়ে চেষ্টা করেন ফেলিক্সও। প্রথমার্ধজুড়ে চাপ থাকলেও রক্ষণে দৃঢ়তা দেখায় আল রিয়াদ।

অবশেষে বিরতির ঠিক পাঁচ মিনিট আগে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশে জাল কাঁপান মানে। আফ্রিকা কাপ জিতে ফেরা সেনেগালিজ ফরোয়ার্ডের সেই গোলেই এগিয়ে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় আল রিয়াদ। শেষ দিকে কয়েকটি ভালো সুযোগও তৈরি হয়। ৮৯ মিনিটে এনেস সালির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের চিত্র বদলে যেতে পারত। তবে শেষ পর্যন্ত চাপ সামলে জয় ধরে রাখে আল নাসরের রক্ষণভাগ।

এই জয়ে টানা পঞ্চম ম্যাচে জয়ের স্বাদ পেল আল নাসর। কিছুক্ষণের জন্য তারা লিগ টেবিলের শীর্ষেও উঠে যায়, যদিও পরে নিজেদের ম্যাচ জিতে আবার শীর্ষস্থান দখল করে নেয় আল হিলাল।

তবু জয়ের রাতেও প্রশ্ন থেকেই যাচ্ছে—রোনালদোকে ঘিরে চলা এই অস্থিরতা আল নাসরের শিরোপা স্বপ্নে কতটা প্রভাব ফেলবে?