ভারতের লজ্জাজনক হার, ‘কাপকেক’ বিজ্ঞাপন মুছে দিলো স্টার স্পোর্টস, ভারত, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা, টি-টোয়েন্টি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের হার, ক্রিকেট, খেলা, স্পোর্টস, স্টার স্পোর্টস,
স্টার স্পোর্টসের দেয়া কাপকেক প্রমোর স্থির ছবি।   ছবি: সংগৃহীত

সোমবার (২৩ ফেব্রুয়ারি) চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের দিক থেকে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের হার এটি। এর আগে কখনো ৫০ বা তার বেশি রানে হারেনি দলটি। 

ভারতের এমন বাজে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপের সম্প্রচার সংস্থা স্টার স্পোর্টসের একটি বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে স্টার স্পোর্টসের এক্স অ্যাকাউন্টে প্রমো বিজ্ঞাপনটি ডিলিট করা করেছে সংস্থাটি।

মূলত ভারতের ম্যাচ সামনে রেখে স্টার স্পোর্টস প্রায়ই প্রমো ভিডিও প্রকাশ করে থাকে। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার কয়েক দিন আগে তেমনই একটি প্রমো প্রকাশ করে স্টার স্পোর্টস। প্রমোতে দেখা যায়, ভারত ও দক্ষিণ আফ্রিকার দুই সমর্থক টেবিলের শেষ কাপকেকটি তুলে নিতে এগিয়ে যাচ্ছে, যা দ্রুত এগিয়ে হাতে তুলে নেন দক্ষিণ আফ্রিকান সমর্থক। এ সময় ভারতীয় সমর্থক তাকে ২০২৪ বিশ্বকাপের ফাইনালে হারের কথা মনে করিয়ে দিয়ে বিদ্রূপ করেন। এমনকি বড় ম্যাচে দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ দুর্নাম নিয়েও ট্রল করা হয় সেই ভিডিওতে।

বিজ্ঞাপনটি প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার ডাকনাম ‘কাপকেক’। স্টার স্পোর্টসের ‘কাপকেক’ নিয়ে রসিকতা  ভালোভাবে নেয়নি দেশটির সমর্থকরা। তাদের পাশাপাশি অনেক ভারতীয়ও স্টার স্পোর্টসের প্রমোটির সমালোচনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কাপকেকগেট হ্যাশট্যাগ দিয়ে অনেকে প্রশ্ন তোলেন, ভিউ বা হাইপ বাড়ানোর জন্য প্রতিপক্ষকে সম্মান জানানোর নূন্যতম সৌজন্যবোধ কি হারিয়ে ফেলেছে স্টার স্পোর্টস?

দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ‘কাপকেক বিজ্ঞাপন’ এখন ভারতের জন্য দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। পরিস্থিতি বেগতিক দেখে স্টার স্পোর্টস তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডিলিট করে দিয়েছে। তবে তাতেও  ব্যঙ্গ-বিদ্রূপ থামেনি। দক্ষিণ আফ্রিকান অভিনেতা ও ইনফ্লুয়েন্সার থানজা ভুর একটি পাল্টা ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তিনি বেশ তৃপ্তি নিয়ে একটি কাপকেক খাচ্ছেন, পাশে স্ক্রিনে ভারতের হারের স্কোরকার্ডটি জ্বলজ্বল করছে। ক্যাপশনে লেখা- ‘সো সুইট!’

আরবিএ/আরটিএনএন