বিএনপির কর্মসূচি
আরটিএনএন–এর সিনিয়র রিপোর্টার কামাল হোসেন।   ছবি: আরটিএনএন

রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় বিএনপির কর্মসূচি কাভার করতে গিয়ে আরটিএনএন–এর সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার (২মার্চ ) বিকেল আনুমানিক চারটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী–এর কর্মসূচির সংবাদ সংগ্রহে সেখানে যান আরটিএনএন–এর সিনিয়র রিপোর্টার কামাল হোসেন। এ সময় উদ্যানসংলগ্ন ৭ নম্বর সড়কের বাড়িগুলোর সামনে পৌঁছালে হঠাৎ শক্ত কোনো বস্তুর আঘাতে তিনি রক্তাক্ত হন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল–এ নিয়ে যান। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে কে বা কারা ওই আঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ঘটনার বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।