জুলাই যোদ্ধা
আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন প্রক্রিয়ায় হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও   ছবি: সংগৃহীত

আহত জুলাই যোদ্ধাদের (এমআইএস) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তালিকায় অন্তর্ভুক্তি এবং পুনর্বাসন প্রক্রিয়ায় হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও করেছেন আন্দোলনকারীরা।

জানা গেছে, মোট ৭১ জন আহত জুলাই যোদ্ধা এ কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, গত ছয় মাস ধরে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি জমা দিয়েও বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে, কিন্তু কোনো কার্যকর সমাধান মিলছে না।

আন্দোলনকারীদের দাবি, অনেকেই গুরুতর আহত—কারও পা নেই, কারও হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত না হওয়ায় তারা উন্নত চিকিৎসা ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

বুধবার তারা ডিসি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযোগ করা হয়, প্রায় চার ঘণ্টা অপেক্ষা করলেও জেলা প্রশাসক তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি।

আহত যোদ্ধা আ. রাজ্জাক বলেন, “আমাদের সঙ্গে কথা না বলে ডিসি মহোদয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মিটিং করেছেন। দুই দিন আগেও আমরা ৪–৬ ঘণ্টা বসে থেকেও দেখা পাইনি। বরং আমাদের বলা হয়েছে নির্বাচনের পরে এমআইএসে অন্তর্ভুক্ত করা হবে। এখন সময় না দেওয়া হলে পরে কথা রাখবেন—এ বিশ্বাস আমরা কীভাবে করবো?”

আন্দোলনকারীরা দ্রুত এমআইএস তালিকাভুক্তি, চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ এবং পুনর্বাসনে রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।