শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল
শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন।   ছবি: সংগৃহীত

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। অবস্থার দ্রুত অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত হয়।

পরে তাকে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে রওনা দেয়া হয়। তবে ময়মনসিংহ শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। তার ভাই মাসুদ জানান, দীর্ঘদিন ধরেই নুরুজ্জামান বাদল কিডনিজনিত রোগে ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। শারীরিক দুর্বলতার মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

নুরুজ্জাজামান বাদলের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেন।

শোকবার্তায় তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয় এবং তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।

নুরুজ্জামান বাদল শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ ছিলেন। তিনি শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবেও নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তাঁর আকস্মিক মৃত্যুতে শেরপুর জেলায় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তার জানাজা ও দাফনের সময়সূচি পারিবারিকভাবে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।