পাবনায় রমজান আলী নামে বীর মুক্তিযোদ্ধা ও জামায়াতে ইসলামীর এক নেতাকে মসজিদ থেকে জোর করে বের করে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তাকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, নির্বাচনের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে রমজান আলীকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। হুমকি উপেক্ষা করেই প্রচার-প্রচারণা চালাতে থাকেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিএনপি কর্মী রায়হানের নেতৃত্বে রাতে স্থানীয় একটি মসজিদে অবস্থানকালে তার ওপর হামলা চালানো হয়। রমজান আলীকে মসজিদ থেকে টেনে-হিচড়ে বের করে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে উপজেলা জামায়াত। মিছিলটি হাসপাতাল থেকে শুরু হয়ে থানার সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে করে ইন্দ্রেরা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ‘রমজান আলীকে মসজিদ থেকে টেনে হিচড়ে বের করে এনে পেটানো ও কোপানো হয়েছে। বাবুল ও রানা বিশ্বাসের হুকুমে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী রায়হানের নেতৃত্বে হামলা করা হয়। যদি দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে কঠোর কর্মসূচি নেয়া হবে।’
এ ব্যাপারে পাবনা-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বলেন, এই ঘটনায় আমার কিছু করার নেই। এ বিষয়ে থানায় মামলা দায়ের করতে হবে, থানা ব্যবস্থা নেবে। আমি শুধু তদন্ত করে অভিযোগ ইসিতে পাঠাতে পারি, কমিশন ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!