জামায়াত আমির, ডা. শফিক
বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।   ছবি: আরটিএনএন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যাঁরা ক্ষমতায় গিয়ে দুর্নীতি দূর করার কথা বলেন, তাঁরাই আবার ৫৯ জন ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন। দেশের জনগণ আর ‘বস্তাপচা’ রাজনীতি দেখতে চায় না; তারা নতুন রাজনীতির বন্দোবস্ত দেখতে চায়।’

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১–দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বক্তব্য রাখেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ, দখলদার ও আধিপত্যবাদীদের ‘গোলামদের’ লাল কার্ড দেখাবে। তিনি বলেন, একসময় ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর এখন নানা ধরনের কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে—এসবই ভুয়া আশ্বাস।

অপরাধের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, অপরাধীদের কোনো দায়মুক্তি থাকবে না। সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে। তাঁর ভাষায়, ‘মিথ্যা আশ্বাস নয়, বাংলাদেশের মানুষের সম্পদ ও ইজ্জতের পাহারাদার হবে জামায়াত।’

তিনি আরও বলেন, জামায়াত নির্বাচিত হলে ১১–দলীয় জোটের এমপি ও মন্ত্রীরা জনগণের সামনে তাঁদের সম্পদের বিবরণী পেশ করবেন। একই সঙ্গে অগ্রাধিকারভিত্তিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, এবারের নির্বাচন দেশের রাজনীতিতে পরিবর্তনের একটি সুযোগ। জনগণের রায়েই সেই পরিবর্তনের দিকনির্দেশনা স্পষ্ট হবে।