রাজনগর, জামায়াত, নির্বাচনী প্রচারণা
রাজনগর বাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটেছে।   ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতের মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার পর রাজনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সর্বশেষ নির্বাচনী মিছিল রাজনগর বাজার অতিক্রম করার সময় হঠাৎ হামলার শিকার হয়। অভিযোগ অনুযায়ী, রাজনগর ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরীর নেতৃত্বে এবং জামাল ও রোকনের সহযোগিতায় একদল নেতাকর্মী মিছিলে হামলা চালায়।

জামায়াত নেতাকর্মীদের দাবি, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে মিছিলে আক্রমণ চালায়। একপর্যায়ে তারা জামায়াতের একটি নির্বাচনী অফিস ঘেরাও করে ভাঙচুরও করে। এতে জামায়াতের একাধিক কর্মী আহত হন।

আহতদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

জামায়াতের স্থানীয় নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে আতঙ্কিত হয়ে বিএনপির একটি অংশ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এ ঘটনায় বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।