জামায়াতে ইসলাম,  ঠাকুরগাঁও-১ আসন,  বেলাল উদ্দিন, বিমান বন্দর, আটক,
ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী দেলাওয়ার।   ছবি: আরটিএনএন

ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে আটকের পেছনে উদ্দেশ্য রয়েছে। এটি কোনো সংস্থার বড় ধরনের ষড়যন্ত্রের অংশ। এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা ঠাকুরগাঁওয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় শহরের লা রোজা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেলা জামায়াতের আমিরের বিমান বন্দরে অর্ধকোটি টাকা বহনের বিষয়ে তিনি বলেন, তিনি ব্যক্তিগত ব্যবসায়ীক টাকা নিয়ে আসছিলেন। উনার বাসায় গার্মেন্টস রয়েছে। বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে। এই স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করার পেছনে উদ্দেশ্য রয়েছে। উনি নির্বাচনে ভোটারদের টাকা বিতরণ করতে গিয়ে তো ধরা পড়েননি।

ঢাকা বিমানবন্দর দিয়ে বৈধভাবে টাকা নিয়ে প্রবেশ করার পরও সৈয়দপুর বিমানবন্দরে তাকে হয়রানি করা হয়েছে। এটি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখছি।

এসময় অভিযোগ করে তিনি আরো বলেন, জেলা জামায়াতের আমিরকে এবং আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য যেমন তারা এ ধরনের হয়রানী মূলক কাজ করছে ঠিক তেমনি নির্বাচনী প্রচার ও প্রচারনার ক্ষেত্রেও তারা আমাদের হয়রানী করেছে। এ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির লোকেরা আমাদের ব্যানার ছিড়ে ফেলে আমাদের খন্ড অফিসগুলোতেও ভাঙচুড় করেছে। জেলা নির্বাচনী কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে আমরা লিখিত অভিযোগ করেছি। সাময়িক প্রতিকার পেলেও বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি অভিযুক্তদের কোনো শাস্তির পদক্ষেপ নিতে দেখিনি আমরা। এ অঞ্চলের হিন্দু ভোটারদের তারা নানা ভয়ভীতি প্রদর্শণ করছে এবং অনেক জায়গায় আর্থিক লেনদেনও করছে। এসব বিষয়েও আমরা অভিযোগ করেছি।

সংবাদ সম্মেলনে এসময় তার সাথে জামায়াতে ইসলাম এর জেলা সেক্রেটারী মোহাম্মদ অলমগীর, সহকারী জেলা সেক্রেটারি কফিলউদ্দিন আহাম্মেদ সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, বুধবার দুপুর ১২ টার সময় সৈয়দপুর বিমান বন্দরে ৫০ লাখেরও বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী বলে নিশ্চিত করেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।