সেনাবাহিনী, ফেনী, অস্ত্র, গোপন সংবাদ, তল্লাশি,
গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার।   ছবি: আরটিএনএন

ফেনী সদর উপজেলায় এক যুবদল নেতার গরুর খামার থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীস্থ আর্মি ক্যাম্পের একটি দল হকদি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় ডা. সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন একটি গরুর খামারে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মালিক হিসেবে বদরুল আমীন ওরফে বদর নামের এক যুবদল নেতার নাম উঠে এসেছে। তিনি সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের ঘনিষ্ঠ সহযোগী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত দুইদিন ধরে যুবদল নেতা দিদারুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরুল আমীনের খামারে এনে রাখা হয়। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা সম্পর্কে অবগত আছি। বিস্তারিত তথ্য হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।