সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত।   ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হুমায়ুন কবির রিপন (৪৫) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিপন চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সেনানিবাস থেকে ছুটি নিয়ে নিজস্ব মোটরসাইকেলে চড়ে বাড়িয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাল মোটরসাইকেলের সঙ্গে তার বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

এ সময় অপর মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। আহতরা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।