দাঁড়িপাল্লা, মসজিদ, চাকরি
মাওলানা জিল্লুর রহমান।   ফাইল ছবি

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভিন্নমতের কারণে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জিল্লুর রহমান তার পদ হারিয়েছেন।

জানা গেছে, জিল্লুর রহমান সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা এবং একই এলাকায় নতুন বাজার জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি গত পাঁচ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেও, ক্ষমতার পরিবর্তনের পর তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়।

হাফেজ জিল্লুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দীর্ঘ ৫ বছর এই পবিত্র মিম্বার থেকে খুতবা দিয়েছি। কত জুমা, কত ঈদ, কত দোয়া আর কান্না—সব মিলিয়ে এ জায়গাটা আমার হৃদয়ের অংশ হয়ে গিয়েছিল। আজ ভিন্নমতের রাজনীতি করার কারণে আমাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হলো। কষ্টটা পদ হারানোর নয়, কষ্টটা হলো—হক কথা বলার মূল্য এভাবে দিতে হলো। তবে আমি বিশ্বাস করি, মিম্বার মানুষ দেয় না—আল্লাহ দেন। সম্মান মানুষ কেড়ে নিতে পারে না—আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারে না। আমার বিচার আমি আল্লাহর দরবারে সোপর্দ করেছি।’

স্থানীয়রা জানান, রাজনৈতিক কারণে ইমামের পদচ্যুতির ঘটনা ঘটেছে। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করায় তার চাকরিচ্যুতির মূল কারণ।

যদিও পরিবার বা স্থানীয় মসজিদ কমিটি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।