সারাদেশ, মেঘনা, মেঘনা নদী, গোলাগুলি, আহত, দুর্বৃত্ত,  বালু উত্তলন,
মেঘনা নদী।   ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলোপাথাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধসহ অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, নবীনগরের মেঘনা নদীতে একটি পক্ষ ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু তারা নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করে। এতে করে চরলাপাং গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। রোববার সকালে আবারও নির্ধারিত সীমানার বাইরে এসে চরলাপাং গ্রামে বালু উত্তোলন করার সময় স্থানীয় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এ সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছররা গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধসহ মোট চারজন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

আরবিএ/আরটিএনএন