শ্রীলঙ্কা, ইংল্যান্ড, টি টোয়েন্টি বিশ্বকাপ
স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড   ছবি: সংগৃহীত

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। কিন্তু ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। যদিও আবহাওয়া যেমনই হোক, তার জন্য প্রস্তুত থাকার কথা গতকাল সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। শেখ খবরে ট৬স জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের পূর্বাভাস বলছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। দিনের বেলা অন্তত ৩ ঘণ্টা এবং রাতে ২ ঘণ্টা বৃষ্টির আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় বেলা ১টায় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ হলেও বেলা ৩টায় তা বেড়ে ৭৪ শতাংশে দাঁড়াতে পারে। বিকেল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত এই সম্ভাবনা কিছুটা কমলেও, তা ৪৫ শতাংশের নিচে নামবে না।

ফলে পুরো ২০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছে বিভিন্ন সংবাদমাধ্যম। খেলা দেরিতে শুরু হতে পারে কিংবা ম্যাচের মাঝখানে একাধিকবার বৃষ্টির কারণে বিঘ্ন ঘটতে পারে। তবে রাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে ৫৫ শতাংশে নামতে পারে।

ম্যাচ পরিত্যক্ত হলে সমীকরণ কী হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের জন্য কোনো রিজার্ভ ডে বা অতিরিক্ত দিন রাখা হয়নি। রিজার্ভ ডে কেবল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্যই বরাদ্দ। তাই যদি বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে দুই দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে এবং প্রত্যেকে একটি করে পয়েন্ট পাবে।

এর আগে গতকাল কলম্বোয় 'গ্রুপ ২'-এর পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচটিও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডও একই গ্রুপের অন্তর্ভুক্ত। আজ যদি এই ম্যাচটিও পরিত্যক্ত হয়, তবে পয়েন্ট টেবিলে সব দলের অবস্থা সমান হয়ে যাবে। এমন পরিস্থিতিতে প্রতিটি দলের জন্যই পরবর্তী ম্যাচগুলো 'মাস্ট উইন' বা বাঁচা-মরার লড়াই হয়ে দাঁড়াবে। উল্লেখ্য, সুপার এইটে প্রতিটি দল তাদের গ্রুপের অন্য তিন দলের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে এবং দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে।