লক্ষ্মীপুর, মারধর
চায়ের দোকানে দুই ভাইয়ের মধ্যে বিষয়টি নিয়ে ঝগড়া হয়। পরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাই মারা যান।   ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের পাঁচ টাকার বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের মারধরে প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায়।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

নিহত যুবকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা এবং দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে আসেন আলমগীর।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, আলমগীর এবং তাঁর বড় ভাই খোরশেদ আলম একসঙ্গে শ্বশুরবাড়ির একটি বৈদ্যুতিক মিটার ব্যবহার করতেন এবং বিদ্যুৎ বিলের টাকা ভাগাভাগি করতেন। চলতি মাসের বিল পরিশোধের সময় আলমগীর ৫ টাকা কম দিয়েছিলেন, যা নিয়ে খোরশেদ অসন্তুষ্ট ছিলেন।

সাবিনা জানান, ‘গত শনিবার সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে দুই ভাইয়ের মধ্যে বিষয়টি নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে খোরশেদ ও তার কয়েকজন সঙ্গী আলমগীরকে মারধর করেন।’ 

গুরুতর আহত অবস্থায় আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে প্রথমে বাড়িতে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে চায়ের দোকানে হাতাহাতি হয়। পরবর্তীতে আলমগীর বসা অবস্থায় ঢলে পড়ে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে ঘটনাটির তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’