বাচ্চা চুরি, চুরি, সারাদেশ, কিডন্যাপ, দেশের অবস্থা,
শিশুর প্রতিখী ছবি।   ছবি: সংগৃহীত

ভোলায় মাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর কোল থেকে তিন মাসের এক শিশুকে চুরির অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে দিনভর অভিযানের পর ঢাকার সদরঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে। এ সন্দেহে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

গত বুধবার সকালে ভোলা সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, সকালে শিশুটির মা স্থানীয় একটি ওষুধের দোকানে গেলে বোরকা পরা এক নারী তাঁর হাতে ২০০ টাকার একটি নোট দেন। পরিবারের সন্দেহ, ওই টাকায় নেশাজাতীয় পদার্থ মেশানো ছিল। নোটটি হাতে নেওয়ার পরই তিনি অচেতন হয়ে পড়েন। সুযোগ বুঝে ওই নারী তাঁর কোল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম জানান, তথ্যের ভিত্তিতে জানা যায় এক নারী শিশুটিকে নিয়ে লঞ্চযোগে ঢাকার সদরঘাটে যাচ্ছেন। এরপর ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল সড়কপথে ঢাকায় গিয়ে সদরঘাট এলাকায় দোয়েল পাখি-১০ লঞ্চে অভিযান চালায়। সেখান থেকে সন্দেহভাজন নারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আটক নারী তিন সন্তানের জননী। পারিবারিক কলহের জেরে তিনি শিশুটিকে এক স্বজনের কাছে দিয়ে দেন। ওই স্বজনের মেয়ে দীর্ঘদিন ধরে নিঃসন্তান থাকায় শিশুটিকে নিতে আগ্রহী ছিলেন। এ প্রেক্ষাপটে পুরো ঘটনাটি সাজানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত এখনো চলমান রয়েছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আরবিএ/আরটিএনএন