আনিস আলমগীর, সাংবাদিক
সাংবাদিক আনিস আলমগীর।   ছবি: সংগৃহীত

একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আনিস আলমগীরের পক্ষে জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী আসলাম মিয়া। পরে তিনি আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এর আগে গত ২২ জানুয়ারি সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত বছরের ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়।

পরদিন ১৫ ডিসেম্বর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।