আটক
অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।   আরটিএনএননিউজ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন মান্দারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ১৪নং মান্দারী ইউনিয়নের মান্দারী বাজার ব্রিজ সংলগ্ন মাছ বাজারের সামনে পাকা সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার পাঁচঘরিয়া এলাকার মৃত শাহাব উদ্দিনের ছেলে বেলাল হোসেন ওরফে বেলাল (৪৮), লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব চর মনসা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আরিফ (৩৬) এবং লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর এলাকার নুর হোসেনের ছেলে মো. ফাহিম (২১)।

পুলিশ জানায়, আটককৃতদের দখল থেকে একটি একনলা দেশীয় এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ (দুটি সবুজ, একটি নীল, একটি লাল ও একটি কালো) উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।