পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ।
পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেবীগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।   ছবি: সংগৃহীত

পঞ্চগড় জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেবীগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হারুন অর রশিদ আগে থেকেই কারা কর্তৃপক্ষের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।পরে সেখান থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক।

পঞ্চগড় কারাগারের জেলার আখেরুল ইসলাম বলেন, দিনাজপুর জেলা কারাগারের তত্ত্বাবধানে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি জামিনও পান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মাসুদ হাসান বলেন, কারাগারের ওই রোগীকে বুধবার সকালে হাসপাতালে আনা হয়। সিওপিডি, হাইপার টেনশন, ডায়াবেটিক ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন তিনি। শ্বাসকষ্ট না কমায় তাকে দিনাজপুর মেডিকেলে রেফার করা হয়। পরে শুনেছি সেখানে তিনি মারা গেছেন।

হারুন অর রশিদের ভাগনে সুমন ফিরোজ বলেন, আমার মামা কারাগারের অধীনে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমরা জামিনের ব্যবস্থাও করেছি। কিন্তু তিনি আর বাড়ি ফিরতে পারলেন না। দিনাজপুর মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মামার মৃত্যু নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

হারুন অর রশিদ গেল  বছরের ১৬ অক্টোবর চেক ডিজঅনারের একটি মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে যান। তার বিরুদ্ধে আরও একটি মামলা ছিল।

এমআর/আরটিএনএন