চুয়াডাঙ্গায় স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ।
চুয়াডাঙ্গায় স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ।   ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গায় দাম্পত্য কলহের জেরে মোক্তার হোসেন ওরফে উকিল (৫০) নামে এক ব্যক্তিকে বিষপ্রয়োগে হত্যার লোমহর্ষক অভিযোগ উঠেছে। নিজ ঘরের ভেতরেই দ্বিতীয় স্ত্রী নুতু খাতুন ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার জানাজানি হতেই বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্ত্রীকে অবরুদ্ধ করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আকুন্দবাড়ী গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনকে তার দ্বিতীয় স্ত্রী নুতু খাতুন বিষপ্রয়োগ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত নুতু খাতুনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
 
নিহত মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
 
এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান