চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত।
চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত।   ছবি: আরটিএনএন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার এলাকায় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুল কাদের মালিতা (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন। 

শনিবার  ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাদের মালিতা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের চকপাড়ার বাসিন্দা এবং মৃত হারু মালিতার ছেলে। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন এবং তিন সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে আব্দুল কাদের মালিতা ফজরের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার সময় আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনার পর ইজিবাইকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল বেলাল বলেন, ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন আব্দুল কাদের মালিতা। আলুকদিয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারি কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানজারুল ইসলাম বলেন,  এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।