লালমনিরহাট, ট্রাকচাপা
ট্রাকচাপায় নিহত শিশু ও তার বাবা।   ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক এ ঘটনা নিশ্চিত করেছেন। 

নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নাই। 

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহত একজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত নাম-পরিচয় ও তথ্য সংগ্রহের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।