চট্রগ্রাম
গাছের সাথে প্রাইভেটকারের ধাক্কা।   ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে প্রাইভেটকারের ধাক্কায় এনামুল হক আইয়ুব (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক আইয়ুব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাঘগ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, এনামুল হক আইয়ুব নিজেই প্রাইভেটকার চালিয়ে চট্টগ্রাম শহর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মীরসরাই উপজেলার নয়দুয়ারি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটিও থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।