ড্রাম ব্রিজ, ব্রহ্মপুত্র নদ
ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যান।   ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার শিশু নিহত হয়েছে। এ ছাড়া আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬), মেয়ে খাদিজা (১২), ডাকাতিয়াপাড়া এলাকার জয়নালের মেয়ে মায়ামনি (১০) ও বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজ ও আশপাশ এলাকায় মানুষের ব্যাপক সমাগম হয়। এবছরও ঈদের দিন বিকেলে সেখানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ব্রিজটি অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে।

এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান জানান, উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিখোঁজ দুই শিশুকে খুঁজে বের করার চেষ্টা চলছে।