বাস-ট্রেন, গেটম্যান
২১ মার্চ দিবাগত রাত পৌনে ৩টার দিকে পদুয়া বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।   ছবি: সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই গেটম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এর আগে রোববার অভিযুক্ত দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি স্টেশন মাস্টারের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

উল্লেখ্য, গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘ঢাকা মেইল’ ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।