কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন
ব্যারিস্টার কায়সার কামাল।   ছবি: আরটিএনএন

রাজনীতি কিংবা যেকোনো কর্মকাণ্ডের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ করা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (২৩ মার্চ) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন’ মানবিক কাজে তরুণদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ডেপুটি স্পিকার বলেন, “রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণের চেয়েও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা বড় কাজ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্তের রং লাল।”

তিনি আরও বলেন, কে কোন রাজনৈতিক দলের অনুসারী—সেটি মুখ্য নয়, বরং কে মানুষের কল্যাণে কাজ করছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি জানান, আনন্দ মোহন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি নিয়মিত রক্তদান করেছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবায় কাজ করেছেন। প্রত্যন্ত অঞ্চলে এমন একটি সংগঠনের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি ভবিষ্যতে সংগঠনটির মানবিক উদ্যোগে ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন এবং স্থানীয় প্রশাসনকে স্বেচ্ছাসেবীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
যুব সমাজকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করে তিনি বলেন, রক্তদানের পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরের মতো সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন। 

একই সঙ্গে তিনি বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার মূল্যায়ন এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ জাম্বিল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার ও এনসিপির সমন্বয়ক আবু কাওসারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

বক্তারা কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশনের মহতী উদ্যোগের প্রশংসা করে সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা লাল-সবুজ টি-শার্ট পরে অংশ নেন। শেষে ডেপুটি স্পিকারসহ কয়েকজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল মানবিক সমাজ গড়ার প্রত্যয় ও তরুণদের উদ্দীপনা।