অষ্টমী স্নান: ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে লাখো পূণ্যার্থীর ঢল।
অষ্টমী স্নান: ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে লাখো পূণ্যার্থীর ঢল।   ছবি: আরটিএনএন

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব অষ্টমী স্নান উপলক্ষে ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদে লাখো পূণ্যার্থীর ঢল নামে। প্রতিবছর অষ্টমী তিথির পুণ্য লগ্নে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পূণ্যার্থী পাপমোচনের আশায় ব্রহ্মপুত্র নদে ভিড় জমান।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকেই নগরীর থানা ঘাট, কাচারি ঘাট, গুদারাঘাট এবং নদের ওপারের শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকায় পুণ্যস্নান শুরু হয়। পূণ্যার্থীরা “হে ভগবান ব্রহ্মপুত্র, হে লৌহিত্র, আমার পাপহরণ কর” মন্ত্রপাঠের সঙ্গে ফুল, কলা, আম, ডাব ও হরতকি সমেত পবিত্র স্নানে অংশ নেন।

নারী-পুরুষ পুণ্যার্থীরা নদীর দুই তীর জুড়ে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ঘাটগুলোতে ভিড় জমান। ঘাটগুলোতে পুরোহিতদের কাছে মন্ত্রপাঠ করে স্নানে নামেন তারা। এই স্নানকে কেন্দ্র করে নদীর আশেপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং জগতের কল্যাণ কামনায় প্রার্থনা করেন অংশগ্রহণকারীরা।

সিটি কর্পোরেশন ও স্নানোৎসব কমিটি পুণ্যার্থীদের সুবিধার্থে স্নানঘর ও বিশ্রামাগারের ব্যবস্থা করেছে। এছাড়া প্রসাদ ও সুপেয় পানির আয়োজন করা হয়েছে। দূর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহা জানান, স্নান উপলক্ষে কড়া নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

উৎসবকে ঘিরে নগরীতে মেলা অনুষ্ঠিত হয়, যেখানে বিন্নি-চিনির খেলনা এবং হস্তশিল্পজাত পণ্যের প্রদর্শনী ও বিক্রির সুযোগ থাকে।

নগরীর ব্রহ্মপুত্র নদের কয়েকটি ঘাট ছাড়াও জেলার বেগুনবাড়ি, বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, কালিরবাজার, ধলা, রৌহাসসহ অন্যান্য স্থানে লাখো পূণ্যার্থী অষ্টমীর স্নান ও পূজা সম্পন্ন করেন।