বিএনপি, স্বাধীনতা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ছবি: আরটিএনএন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে এবং সেই লক্ষ্যেই সবাই মিলে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীনতর্জন করে।

খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজীবন গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। বিএনপির পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছরে দেশের গণতন্ত্র ধ্বংসের মুখে পড়েছিল এবং স্বাধীনতা হুমকির মুখে ছিল। এ সময় দলটি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে।

তিনি দাবি করেন, এই সময়ে প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা, ২০ হাজার নেতাকর্মীর মৃত্যু এবং প্রায় ১,৭০০ জন গুমের ঘটনা ঘটেছে। সব বাধা অতিক্রম করে জনগণ আন্দোলন অব্যাহত রাখে এবং জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময় নির্বাসনে থেকেও তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে নতুন চিন্তাভাবনা নিয়ে দেশ গঠনের কাজ করছেন।

বিএনপি মহাসচিব জানান, সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, কৃষিঋণের সুদ মওকুফ এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য ভাতা চালুর মতো কর্মসূচি রয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে—এমন প্রত্যাশা দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে।