ছাত্রদলের অবস্থান কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসির অনিয়মের অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করেছে ছাত্রদল।   ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করেছে ছাত্রদল। সকল প্রকার অবৈধ নিয়োগ বাতিলসহ ৪দফা দাবি ছাত্র সংগঠনটির।

আজ (১৫ জানুয়ারী) প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা ৩০মিনিটে ছাত্রদল নেতারা অবস্থান কর্মসূচী শুরু করেন। নেতৃত্বে ছিলেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

চার দফা দাবিতে, নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের অবিলম্বে পদত্যাগ, ইউজিসি’র নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে শাস্তি প্রদান, বিভাগীয় আপত্তি ও পরিকল্পনা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে স্বচ্ছ ও ন্যায্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা এবং উপ-উপাচার্যের কন্যাসহ সব বিতর্কিত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবী জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মেধার অবমুল্যায়ন, প্রশাসনিক নিয়মের বরখেলাফ ও স্বজনপ্রীতির চরম অসততার নযির স্থাপন করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

তিনি আরো বলেন, “উপ-উপাচার্যের মেয়ে মেধাস্থানে পিছিয়ে থাকার পরেও নিয়োগ পেয়েছেন। এই প্রশাসনের নিয়োগ অবৈধ, আমরা এই নিয়োগ বাতিলের দাবি জানাই।”