ভর্তি পরীক্ষা, ফল
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা।   ছবি: আরটিএনএন

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে।

রোববার (২৯ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফলাফল প্রস্তুতির কাজ প্রায় শেষ। আজ রাত ৮টায় গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় ফল উপস্থাপন করা হবে। সভা শেষে যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হতে পারে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইল এসএমএস ও নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন।

এর আগে, গত শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে ০.২৫ নম্বর।

এ বছর ‘সি’ ইউনিটে আবেদন করেন ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১৯ হাজার ৬০৬ জন। অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন। উপস্থিতির হার ছিল ৭৭.৭৫ শতাংশ।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।