ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে আটক।   ছবি: আরটিএনএন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেছেন এক ভর্তিচ্ছু। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টা ৬ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ সময় সানজানা ইসলাম নামে এক ভর্তিচ্ছু পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেন। তার প্রবেশপত্রে কেন্দ্রের নাম, কক্ষ নম্বর ও ছবিতে অসঙ্গতি থাকায় দায়িত্বরত শিক্ষক, বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে আটক করে যাচাই-বাছাই করা হলে প্রবেশপত্রটি জাল বলে প্রমাণিত হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সানজানা ইসলাম জানান, তিনি কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা। গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নিজে অনলাইনে আবেদন না করে একটি স্থানীয় কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করেন। দোকানদারকে প্রয়োজনীয় তথ্য ও অর্থ দিলেও তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান বলেন, যাচাই করে দেখা গেছে, তার প্রবেশপত্রটি জাল। তবে অন্য কোনো পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, তার এসএসসি নিবন্ধন কার্ডের ছবি ও উপস্থিত ব্যক্তির সঙ্গে মিল রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, তিনিও প্রতারণার শিকার। তাই পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে তাকে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।